চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মন্দির উদ্বোধন

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২২ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মন্দির উদ্বোধন

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ভিত্তিক কেন্দ্রীয় মন্দির

 ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করা হয়েছে।

 শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য অঞ্চল বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।


বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন। এছাড়া মন্দির নির্মাণে অর্থায়নকারী অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান শ্রী অদুল কান্তি চৌধুরী ও কো-চেয়ারম্যান শ্রীমতি অনিতা চৌধুরী উপস্থিত ছিলেন।

উদ্বোধন উপলক্ষে সকাল ৯টায় পূজা ও বন্দনার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। সকাল ১০টায় মন্দিরের দ্বারোদ্ঘাটন করা হয়। এরপর অতিথিদের বক্তব্য এবং দুপুরে আপ্যায়নের আয়োজন করা হয়। বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।

চবির সনাতন ধর্ম পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ বলেন, “এটি দেশের প্রথম সরস্বতী জ্ঞান মন্দির এবং বিশ্ববিদ্যালয়ভিত্তিক প্রথম কেন্দ্রীয় মন্দির। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০০ জন সনাতনী শিক্ষক এবং তিন হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন। তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।”

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে তিন হাজার সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। ২০১১ সালে সনাতন ধর্ম পরিষদের দাবির পরিপ্রেক্ষিতে উত্তর ক্যাম্পাস এলাকায় প্রায় ২০ হাজার বর্গফুট জমিতে কেন্দ্রীয় মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ২০১২ সালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে অনুমোদনের পর অদুল-অনিতা ট্রাস্টের অর্থায়নে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।