চবি’তে দুর্নিবার সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ইফতার মাহফিল
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে দুর্নিবার সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ।
শুক্রবার (৬ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডের বাস্কেটবল গ্রাউন্ডে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দুর্নিবার ইফতার মাহফিলের সভাপতি জাহিদ আহনাফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাসুম।
এছাড়াও উপস্থিত ছিলেন দুর্নিবার সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা মো. মোজাহিদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে দুর্নিবার সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা অধ্যাপক ড. মাসুম বলেন, “আমি ১৯৮৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করি। শুরু থেকেই নাটক ও অভিনয়ের প্রতি আমার আগ্রহ ছিল। পরে জানতে পারি এখানে ‘দুর্নিবার’ নামে একটি সাংস্কৃতিক সংগঠন রয়েছে, যা সাহিত্য-সংস্কৃতির পাশাপাশি নাটক ও অভিনয়ের প্রদর্শনী ও প্রযোজনা করে। তখন থেকেই সংগঠনটির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করি। বলা যায়, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আমি দুর্নিবারের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বর্তমানে সংগঠনটি আরও গতিশীলভাবে নানা বিষয়ে কাজ করে যাচ্ছে।”
দুর্নিবারের আরেক উপদেষ্টা মো. মোজাহিদুল ইসলাম বলেন, “দুর্নিবার একটি সাংস্কৃতিক সংগঠন। সংগঠনের কার্যক্রমের মধ্যে বিভিন্ন ধাপ রয়েছে। গানের একটি সেকশন রয়েছে, নাটকের সেকশন রয়েছে, সাহিত্যের সেকশন রয়েছে—মূলত এসব বিষয় নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে।”
সভাপতির বক্তব্যে জাহিদ আহনাফ বলেন, “দুর্নিবার সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন। ১৯৮৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সুস্থ সাংস্কৃতিক ধারার বিকাশে কাজ করে যাচ্ছে। এখানে অভিনয়, গান, নাটক, আবৃত্তি ও গজল চর্চা করা হয়। ইফতার মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতি। ইসলামী সংস্কৃতিকে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য।”
ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বা/মে২৪/ম









