চবির নতুন দুই উপ-উপাচার্যের সঙ্গে ছাত্রশিবির নেতাদের মতবিনিময়
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের নেতারা।
আজ বুধবার (১৭ জুন) উপ-উপাচার্য(একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামের কার্যালয়ে পৃথকভাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নবনিযুক্ত দুই উপ-উপাচার্য ছাত্রশিবিরের নেতাদের শুভেচ্ছা জানান। তাঁরা বলেন, ছাত্ররাজনীতি হতে হবে শালীন ও গঠনমূলক। ভালো কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও সুষ্ঠু পরিচালনায় ছাত্রসংগঠনগুলোর ইতিবাচক ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও তাঁরা উল্লেখ করেন।
এ সময় ছাত্রশিবিরের নেতারা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় উপ-উপাচার্যদের অবহিত করেন। আলোচনায় শিক্ষার্থীদের আবাসন সুবিধা বৃদ্ধি, সেশনজট নিরসন, প্রশাসনিক কার্যক্রমে অটোমেশন এবং ক্যাম্পাসে ইন্টারনেট সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
ছাত্রশিবির নেতারা নবনিযুক্ত দুই উপ-উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খালেদসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।









