‎রাতের আঁধারে দুঃসাহসিক চুরি, তথ্যপ্রযুক্তির জালে ধরা দুই সদস্য

প্রকাশিত: ১৮ জুন ২০২৬, ১২:৩৬ এএম
‎রাতের আঁধারে দুঃসাহসিক চুরি, তথ্যপ্রযুক্তির জালে ধরা দুই সদস্য

‎মোহাম্মদ ইব্রাহিম,   চট্টগ্রাম প্রতিনিধি:

‎চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় একটি আবাসিক ভবনের তিনটি ফ্ল্যাটে সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনায় দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত স্বর্ণালংকার, রুপার সামগ্রী, মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

‎পুলিশ জানায়, গত ৭ জুন গভীর রাতে পাঁচলাইশ থানার রূপনগর ক্লাব সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকার একটি ভবনের তিনটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ চৌধুরীর পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকার সুযোগে চোরেরা জানালার গ্রিল ভেঙে বাসায় প্রবেশ করে। পরে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী খোয়া গেছে।

‎এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৫ জুন রাতে হাটহাজারীর মীরেরহাট এলাকা থেকে মো. খোরশেদ (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চোরাইকৃত একটি অপ্পো অ্যান্ড্রয়েড ফোন ও একটি সিম্ফনি মোবাইল উদ্ধার করা হয়।

‎পরবর্তীতে খোরশেদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ জুন সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কোনাগাঁও এলাকা থেকে ইসমাইল হোসেন (৩৮) নামে অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

‎পরে দুই আসামির দেওয়া তথ্য অনুযায়ী কোতোয়ালী এলাকার একটি স্বর্ণের দোকান থেকে চোরাইকৃত স্বর্ণালংকারের গলিত অংশ এবং খুলশীর আমবাগান নালাপাড়া এলাকার একটি বাসা থেকে রুপার কয়েন, রুপার চেইন, নুপুর, লেডিস পার্স ও নগদ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

‎পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণালংকারের গলিত অংশের ওজন প্রায় ৪ ভরি ৯ আনা। এছাড়া রুপার বিভিন্ন সামগ্রী ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চুরির সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

‎পাঁচলাইশ মডেল থানা পুলিশের দাবি, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে চুরির রহস্য উদ্ঘাটন এবং চোরাইকৃত মালামালের বড় অংশ উদ্ধার করা সম্ভব হয়েছে।