যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
রাজশাহীতে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক গোলাম রাব্বানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক শরমিন আক্তার এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২০ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন গোলাম রাব্বানী। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে একই দিন বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, গত ৩ মার্চ এক নারী বাদী হয়ে চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০২ (সংশোধিত) এর ১০ ধারায় গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার নম্বর চন্দ্রিমা থানা মামলা নং-০৩ (তারিখ: ৩ মার্চ, ২০২৬)।
এর আগে তিনি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান (রেফারেন্স নম্বর: ১৬৫৫০/২৬, তারিখ: ৯ মার্চ, ২০২৬)। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।









