ঈদগাঁওতে নিরাপদ সড়কের দাবীতে ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ১১:০৮ পিএম
ঈদগাঁওতে নিরাপদ সড়কের দাবীতে ব্যতিক্রমী উদ্যোগ

নাছির নোমান, ঈদগাঁও প্রতিনিধি: 

নিরাপদ সড়কের দাবিতে ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কে প্রথমবারের মতো ফান রান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাহাড়ি জনপদ হিসেবে পরিচিত এ সড়কটি দীর্ঘদিন ধরে ডাকাতি ও অপহরণের মতো ভয়াবহ ঘটনার জন্য আতঙ্কের নাম হয়ে উঠেছে। ফলে প্রতিনিয়ত চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পথচারীরা।

এই পরিস্থিতিতে সড়কে নিরাপত্তা নিশ্চিত এবং ডাকাতি-অপহরণ বন্ধের দাবিতে ঈদগাঁও রানার্স কমিউনিটির উদ্যোগে আয়োজন করা হয় এ ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা।

বুধবার (৮ এপ্রিল) সকাল ৭টায় শুরু হওয়া ফান রানে অংশ নেন ঈদগাঁও উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, শিক্ষক ও সচেতন তরুণরা। প্রতিযোগীরা ঈদগাঁও বাসস্টেশন থেকে দৌড় শুরু করে ঈদগড় সড়কের পানেরছড়া এলাকায় গিয়ে সমাপ্ত করেন—যে স্থানটি ডাকাতি ও অপহরণের জন্য কুখ্যাত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা এসএম সাদেক ও হামিদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ঈদগাঁও-ঈদগড় সড়কে দ্রুত আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও মেডেল বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারী সকল দৌড়বিদকে ঈদগাঁও রানার্স কমিউনিটির পক্ষ থেকে সম্মানসূচক মেডেল পরিয়ে দেন অতিথিরা।

আয়োজক কমিটির প্রতিনিধিরা জানান, এটি তাদের প্রথম আয়োজন হলেও ভবিষ্যতে ঈদগাঁও উপজেলার বিভিন্ন সড়কে নিরাপদ সড়কের দাবিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।