মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
মোঃ মাসুদ রানা, নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদী মনোহরদী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (০১ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়ে মনোহরদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিতে শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরি নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এম.এ. মুহাইমিন আল জিহান। সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম প্রধান দাবি। তারা শ্রমিক-মালিক সুসম্পর্ক বজায় রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শ্রমিক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মহান মে দিবসের চেতনা ধারণ করে শ্রমিকদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।









