ঈদগাঁওতে অপহরণ,ধর্ষণ এবং স্বর্ণালংকার চুরির ঘটনায় গ্রেফতার-৩,মালামাল উদ্ধার
নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি:
পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওয়ের থানা এলাকারএক তরুণীকে অপহরণ পুর্বক ধর্ষণ এবং স্বর্ণালংকার চুরির ঘটনায় জড়িত মূল অভিযুক্তসহ তিন জন আসামীকে গ্রেফতার করেছে ঈদগাঁও থানা পুলিশ।
অভিযানের সময় আসামীদের হেফাজত থেকে লুণ্ঠিত ৩ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে বলেও জানান পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়,গত ৩ মার্চ সকাল সাড়ে ১১টায় ঈদগাঁও থানাধীন জালালাবাদ ইউনিয়নের পূর্ব মোহনভিলা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে ভিকটিম তরুণীকে অপহরণ করা হয়। পরবর্তীতে তাকে কক্সবাজার সদর থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন একটি অজ্ঞাত ভাড়া বাসায় আটকে রেখে ৩ মার্চ রাত থেকে ৬ মার্চ সকাল পর্যন্ত একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় আসামীরা ভিকটিমের কাছ থেকে জোরপূর্বক স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং টাকা আদায়ের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন করে। এই ঘটনায় ঈদগাঁও থানার পুলিশকে অবগত করা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদারের নির্দেশনায় উদ্ধার অভিযানে নামে পুলিশ। পরবর্তীতে একটি আভিযানিকদল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদরের চৌফলদন্ডীর বাসিন্দা বদিউর রহমানের পুত্র আতিক উল্লাহ (২২), ঈদগাঁও জালালাবাদ বটতলী পাড়ার বাসিন্দা ছব্বির আহমদের পুত্র ছৈয়দ করিম (২১) ও জালালাবাদ খোনখার খিল এর বাসিন্দা আইয়ুবুর রহমানের পুত্র মোঃ মোতাহার হোসেন (২১) কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও ২/৩ জন অজ্ঞাতনামা আসামী জড়িত থাকার কথাও জানান পুলিশ।
গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ভিকটিমের মায়ের লুণ্ঠিত ২ ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, ৪ আনা ওজনের ২টি আংটি, ১২ আনা ওজনের একজোড়া কানের দুলসহ সর্বমোট ০৩ ভরি লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানান।
ভিকটিমের মাতা রোকিয়া বেগমের দাখিলকৃত লিখিত এজাহারের ভিত্তিতে ঈদগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৭/৯(১)/৩০ ধারা এবং দন্ডবিধি ১৮৬০-এর ৩৭৯/৪১১/১০৯/৩৮৫ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৪, তারিখ-০৬/০৩/২০২৬)।
গ্রেফতারকৃত আসামীদের আগামীকাল ৭ মার্চ যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে এ প্রতিবেদককে নিশ্চিত করেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার। এছাড়া তিনি মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
বা/মে২৪/ম









