বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাভাবিপ্রবি শিক্ষার্থীর, ক্যাম্পাসজুড়ে শোক

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৬, ০২:১২ পিএম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মাভাবিপ্রবি শিক্ষার্থীর, ক্যাম্পাসজুড়ে শোক

সাব্বির,  মাভাবিপ্রবি প্রতিনিধিঃ 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রথম বর্ষ, দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

সহপাঠীদের বর্ণনা অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ১১ টার দিকে কাগমারী এলাকার খাজা মেসের তৃতীয় তলার বারান্দায় তিন বন্ধু একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন। বারান্দাটিতে কোনো গ্রিল বা নিরাপত্তা রেলিং ছিল না। কথোপকথনের একপর্যায়ে মনিরের হাত অসাবধানতাবশত একটি খোলা বৈদ্যুতিক তারে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

একই কক্ষে থাকা দুই সহপাঠী জানান, মুহূর্তের মধ্যেই বিদ্যুতের প্রবল প্রবাহ মনিরের শরীরে ছড়িয়ে পড়ে। তারা কিছু বুঝে ওঠার আগেই তার শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করে। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে মনির নিয়ন্ত্রণ হারিয়ে নিচে থাকা পুকুরে পড়ে যান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পুকুরে পড়ার পর তিনি একবার চিৎকার করেছিলেন, সেটিই ছিল তার জীবনের শেষ চিৎকার।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২ঃ২২ মিনিটের সময় তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী হাসপাতালে উপস্থিত ছিলেন। এ মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রক্টরের ভাষ্যমতে, নিহত শিক্ষার্থীর স্মরণে আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ে এক দিনের শোক পালনের সম্ভাবনা রয়েছে।

এই হৃদয়বিদারক ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে আবাসিক মেসগুলোতে বৈদ্যুতিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।