পিকআপের চাকা ফেটে সেতুতে ধাক্কা: হেল্পার নিহত, চালক আহত
আমতলী (বরগুনা) প্রতিনিধি :
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রীজের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে গাড়ীর হেল্পার মোঃ আজাদ মোল্লা (২৭) নিহত এবং চালক মেহেদী (২৮) গুরুতর আহত হয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহত মেহেদীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে মঙ্গলবার সকাল ৬ টার দিকে। নিহত আজাদের বাড়ী টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার ফুলকি গ্রামে। তার বাবার নাম আউয়ুব মোল্লা। আহত মেহেদীর বাড়ী একই জেলার সফিপুর উপজেলার বেথুয়া গ্রামে। তার বাবার নাম অব্বাস মিয়া। জানাগেছে, মঙ্গলবার সকালে ফার্নিচার নিয়ে একটি পিকআপ ভ্যানের (ন-১২-৫৯৭৭) আমতলী যাচ্ছিল। পথিমধ্যে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের চুনাখালী ব্রীজ সংলগ্ন স্থানে পিকআপের বামপাশের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ীর সামনের অংশ দুমড়ে-মুড়চে যায় এবং গাড়ীর মধ্যে চালক ও হেল্পার আটকা পড়ে। স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন গাড়ীর দরজা কেটে তাদের উদ্ধার করে। কিন্তু ঘটনাস্থলেই হেল্পার আজাদ মোল্লা নিহত এবং চালক মেহেদী গুরুতর আহত হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং চালক মেহেদীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, পিকআপ ভ্যানের চাকা ফেটে ব্রীজের সঙ্গে ধাক্কা লেগে গাড়ী দুমড়ে-মুড়চে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজন গাড়ীর দরজা কেটে তাদের উদ্ধার করেছে। এতে ঘটনাস্থলেই হেল্পার আজাদ নিহত হয়েছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নাজমুল হোসেন বলেন, আজাদকে হাসপাতালে আনার পূর্বেই মারা গেছেন। অপর আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমতলী থানার ওসি আবু সাহাদাৎ মোঃ হাচনাইন পারভেজ বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন খবর দেয়া হয়েছে। তারা আসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।








