কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি ও রাডার ধ্বংস করল ইরান

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম
কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটি ও রাডার ধ্বংস করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ‎

কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন হ্যাঙ্গারসহ বিভিন্ন সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার দাবি করেছে আইআরজিসি। আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার কেন্দ্র, একটি টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল গ্রহণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে হামলা করা হয়েছে।

‎আইআরজিসি আরও দাবি করেছে, আলি আল-সালেম বিমানঘাঁটির একটি এমকিউ-৯ ড্রোন হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি ড্রোন ধ্বংস হয়েছে অথবা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে।আইআরজিসি পরে দ্বিতীয় একটি বিবৃতি দিয়ে কুয়েতে যুক্তরাষ্ট্রের আরও সামরিক স্থাপনায় হামলার দাবি করে।

‎তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, আহমেদ আল-জাবের ঘাঁটিতে আগাম সতর্কীকরণ রাডার, একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, একটি এফপিএস-১১৭ রাডার, একটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি আকাশ প্রতিরক্ষা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করা হয়েছে।

‎আইআরজিসি জানায়, পরবর্তী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আগে এ অঞ্চলের রাডার নজরদারি দুর্বল করতেই এ অভিযান চালানো হয়েছে।