আগুনে পুড়ল ৪ দোকান, ক্ষতি ১২ লাখ টাকা

প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০৫:৫২ পিএম
আগুনে পুড়ল ৪ দোকান, ক্ষতি ১২ লাখ টাকা

সোহরাব হোসেন,  সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকান পুড়ে গেছে। 

বুধবার (৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এতে ১ টি মিষ্টির দোকান, ১ টি মোবাইল রিচার্জের দোকান,১টি কনফেকশনারি দোকানসহ মোট চারটি দোকানের মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় রাত ১২টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তৎপরতায় পাশের এটিএম বুথসহ আশপাশের অন্যান্য স্থাপনা রক্ষা পেয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিক অনুসন্ধানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব না হলেও প্রাথমিকভাবে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা আনোয়ার কাজী অভিযোগ করে বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসে যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। পরে মোটরসাইকেলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের বিষয়টি জানানো হয়।

তবে এ অভিযোগ অস্বীকার করে সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মহিবুর রহমান বলেন, “হয়তো তারা ভুল নম্বরে কল করেছিলেন। আমাদের সেবায় অবহেলার কোনো সুযোগ নেই। এমন অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিংগাইর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।