ঝিনাইদহ জেলা পুলিশ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল- এর ধারাবাহিক সাফল্য
মোঃ আসাদুজ্জামান, বিশেষ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল বিভিন্ন অপরাধ দমনে সাম্প্রতিক সময়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যবৃন্দ দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে যাওয়া মোট ৯১ টি মোবাইল ফোন ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেয়া ৩৫ হাজার টাকা (নগদ অর্থ) উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফেরত দেয়া হয়েছে। এছাড়াও, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটস অ্যাপ, ইমো, টেলিগ্রামসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা সাইবার বুলিংয়ের শিকার ৪০ জন ভিক্টিমকে দ্রুত ও কার্যকরী সহায়তা প্রদান এবং নিখোঁজ হওয়া ৪ জন ব্যক্তি কে উদ্ধার করতে সক্ষম হয়েছে জেলা পুলিশের এই বিশেষ ইউনিট।
উল্লেখ্য, সাইবার অপরাধ দমনে পুলিশ প্রযুক্তির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে প্রতারকদের শনাক্ত করতে ঝিনাইদহ জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ধারাবাহিকভাবে বিশেষ সক্ষমতা প্রদর্শন করে যাচ্ছে।
একইসাথে, অতীতের ন্যায় সকল প্রতিকূলতা ও চ্যালেঞ্জ-কে সামনে রেখে জেলা পুলিশের এই বিশেষ ইউনিট ফেসবুক ক্লোন আইডি, অনলাইন জুয়া, সাইবার বুলিং, স্ক্যামিং, হ্যাকিং, টিকটক ও টেলিগ্রাম সংক্রান্ত ইত্যাদি প্রতারণা মূলক অপরাধ দমনে বিশেষ নজরদারি বাড়িয়েছে। একই সঙ্গে স্কুল–কলেজ পড়ুয়া শিক্ষার্থী, গৃহিণী ও চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণির নারী-পুরুষকে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি করে যাচ্ছে।
এ-বিষয়ে ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল জানান, ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রতিনিয়ত জনগণের পাশে থেকে সাইবার অপরাধ দমনে কাজ করছে। কোনো প্রতারণামূলক কল বা মেসেজে প্রাপ্ত OTP, পাসওয়ার্ড বা ব্যাংক তথ্য শেয়ার না করার জন্য তিনি সকলকে আহ্বান জানান। ঝিনাইদহ জেলা পুলিশের এই উদ্যোগ সাইবার নিরাপত্তা জোরদার ও সাধারণ মানুষের আর্থিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও তিনি মন্তব্য করেন।"
ঝিনাইদহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত কার্যক্রমে এ-সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোসফেকুর রহমান (ক্রাইম অ্যান্ড অপস্) সহ, জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।








