বিটিআরসির এনইআইআর সিটিজেন পোর্টালে মিনিটে ২৪ লাখ বট আক্রমণ

প্রকাশিত: ০২ জানুয়ারি ২০২৬, ১১:৩১ পিএম
বিটিআরসির এনইআইআর সিটিজেন পোর্টালে মিনিটে ২৪ লাখ বট আক্রমণ

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিটিআরসির (BTRC) এনইআইআর (NEIR) সিটিজেন পোর্টাল শুক্রবার সকাল থেকে ব্যাপক সাইবার আক্রমনের শিকার হয়েছে। প্রতি মিনিটে প্রায় ২৪ লাখ বট ট্রাফিক হিট করার ফলে সিস্টেমটি কার্যত অচল হয়ে পড়েছে।

সিস্টেমটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সিনেসিস আইটির প্রধান সল্যুশন অফিসার আমিনুল বারী শুভ্র জানান, শুক্রবার সকালে প্রতি সেকেন্ডে ৪০ হাজার বট হিট করেছে এনইআইআর সিস্টেমে। এই আক্রমণের কারণে রিয়েল ব্যবহারকারীদের অনেকেই পোর্টালে প্রবেশ করতে পারছে না। তিনি আরও জানান, পোর্টালটি মাত্র মিনিটে ৬ হাজার রিকোয়েস্ট গ্রহণ করতে সক্ষম।

আক্রমণের সময় ব্যবহারকারীরা নিজেদের আইএমইআই নাম্বার দিয়ে হ্যান্ডসেট নিবন্ধন যাচাই করতে পারছিলেন না। সাইটে প্রবেশ করলে “429 Too Many Requests” বার্তা দেখা যেত এবং মাঝে মাঝে সম্পূর্ণ পেজ সাদা হয়ে যেত।

এর আগে বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) তৃতীয়বারের মতো এনইআইআর চালু করা হয়েছিল। তবে সিস্টেমটি এর আগেও দুইবার চালু হলেও বিভিন্ন কারণে বন্ধ হয়ে যায়। ইনফোসেকবুলেটিন জানিয়েছে, এনইআইআর চালুর দিনই বিটিআরসির সার্ভার ভাঙচুরের ঘটনা ঘটে, যার পর ২৬ জনকে আটক করা হয়।

বিটিআরসি শুক্রবারের সাইবার হামলার ঘটনায় মামলা দায়ের করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, দ্রুত ব্যবস্থা নিয়ে সিস্টেমকে পুনরায় সচল করার চেষ্টা চলছে এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মনিটরিং চালু করা হয়েছে।

বা/মে২৪/ফা