“জামায়াতে ইসলাম আফিমের চেয়েও বিপজ্জনক” -নোয়াখালীতে বরকত উল্যাহ বুলু
মো: মিজানুর রহমান (সুমন), বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
জামায়াতে ইসলামকে ‘আফিমের মতো’ আখ্যায়িত করে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, “এটা মাদকের চেয়েও বিপজ্জনক। একবার যে এটা খায়, সে জীবনে আর ভুলতে পারে না।” তিনি দাবি করেন, দলটির নেতারা যা বলেন, অনুসারীরা তা-ই অন্ধভাবে মেনে চলেন।
মঙ্গলবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৌরণবিবি বাজার এলাকায় পৌরণবিবি-মুন্সিরহাট খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বুলু বলেন, “মওদুদীবাদের অনুসারীরা এমনভাবে রাজনীতি করে, তারা সরকারপক্ষের সাথেও সম্পর্ক রাখবে, আবার বিরোধী দলের সাথেও যোগাযোগ রাখবে। গুপ্তভাবে সব জায়গায় অবস্থান করবে, যেন তাদের কোনো অসুবিধা না হয়।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “গুপ্ত রাজনীতির ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক মাঠে কারা কোন উদ্দেশ্যে কাজ করছে, তা বুঝতে হবে।”
এ সময় তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেন। তিনি বলেন, “একজন তরুণ জাতীয়তাবাদী নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি সম্রাজ্যবাদীদের চক্রান্তের অংশ।”
বক্তব্যে তিনি আরও অভিযোগ করেন, “যারা এই দেশে শূকরের মাংস আমদানির অনুমতি দিয়েছে এবং দেশকে বিক্রি করে দিতে চেয়েছে, তারাই শেষ পর্যন্ত হাদির হত্যাকারী হিসেবে বের হয়ে আসবে।”
খাল খনন উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান এবং পানি উন্নয়ন বোর্ড নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী এস.এম রেফাত জামিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা খাল খননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের চলাচল সুবিধা উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন। তবে উদ্বোধনী অনুষ্ঠানটি রাজনৈতিক বক্তব্য ও পাল্টা মন্তব্যের কারণে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।








