১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ, পড়াতে পারেন প্রধান বিচারপতি

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩ পিএম
১৬ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ, পড়াতে পারেন প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্টঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে। এদিন শপথবাক্য পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সংবিধান অনুযায়ী, নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ছাড়া তারা সংসদ কার্যক্রমে অংশ নিতে পারেন না। সাধারণত স্পিকার সদস্যদের শপথ পড়ান। তবে পূর্ববর্তী সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার দায়িত্বে না থাকায় বিকল্প সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

গত ৫ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এ বিষয়ে সম্ভাবনার ইঙ্গিত দেন। তিনি জানান, সংবিধানের বিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করাতে না পারলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াতে পারেন। এ মনোনয়ন হবে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে শপথ অনুষ্ঠান সম্পন্ন না হলে প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমেও শপথ গ্রহণের বিধান রয়েছে।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের পরপরই শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে। নির্ধারিত তারিখে শপথ সম্পন্ন হলে দ্রুতই নতুন সংসদের কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

বা/মে২৪/ফা