সুন্দরবন দিবসে চবিতে গ্রীন ভয়েসের বর্ণাঢ্য আয়োজন
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :
গ্রীন ভয়েস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা-এর উদ্যোগে ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সচেতনতামূলক র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবেশপ্রেমী শিক্ষার্থীদের অংশগ্রহণে বুদ্ধিজীবী চত্বর থেকে জাদুঘর প্রাঙ্গণ পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা। প্রতিটি পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুম হাবিব এবং সভাপতিত্ব করেন শাখার সভাপতি অনিক সরকার।
এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও নতুন সদস্যরা উপস্থিত ছিলেন।
আপ্যায়ন বিষয়ক সম্পাদক সৌরভ হাসান বলেন, “সুন্দরবন আমাদের জাতীয় ঐতিহ্য ও পরিবেশের ভারসাম্যের অন্যতম ভিত্তি। তরুণ প্রজন্মকে সচেতন ও সম্পৃক্ত করতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই শিক্ষার্থীরা শুধু আজকের দিনেই নয়, সারা বছর পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখুক।”
চবি গ্রীন ভয়েস শাখার সভাপতি অনিক সরকার বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সুন্দরবনের গুরুত্ব অপরিসীম। এই বন আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দেয় এবং জীববৈচিত্র্যের ভাণ্ডার হিসেবে কাজ করে। সুন্দরবন ও প্রকৃতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সুন্দরবন ও প্রকৃতি সংরক্ষণে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বা/মে২৪/ম









