সুন্দরবনে গুলিতে প্রাণ গেল কাঁকড়াশিকারি আমিনুরের, ক্ষোভে ফুঁসছে জেলেপাড়া
এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে আর ঘরে ফেরা হলো না আমিনুর রহমানের, পরিবারের মুখে খাবার তুলে দিতে সুন্দরবনে যাওয়া এই কাঁকড়াশিকারির মৃত্যু ঘিরে এখন শোক আর ক্ষোভে উত্তাল উপকূলের দ্বীপ ইউনিয়ন গাবুরা । নিহতের সঙ্গে থাকা জেলেদের দাবি, বন বিভাগের স্মার্ট প্যাট্রল টিমের গুলিতেই প্রাণ হারিয়েছেন তিনি। যদিও বন বিভাগ বলছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নং সোরা গ্রামের বাসিন্দা।
নিহতের সঙ্গে থাকা জেলে রমজান আলী গাজী জানান, বৈধ পাস নিয়ে চার দিন আগে তারা সুন্দরবনে কাঁকড়া ধরতে যান। সকালে শতমুখি খালে কাজের প্রস্তুতির সময় বন বিভাগের স্মার্ট প্যাট্রল টিম তাদের ডাক দেয়। কাছে যেতে কিছুটা দেরি হলে হঠাৎ গুলি ছোড়া হয় বলে অভিযোগ করেন তিনি। সেই গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন আমিনুর।
রমজান আলীর ভাষায়, “আমিনুর ভাই আর কোনো কথা বলতে পারেননি। আমাদের চোখের সামনেই তিনি মারা যান।”
ঘটনার পর বন বিভাগের সদস্যরা দ্রুত এলাকা ত্যাগ করেন বলেও অভিযোগ করেন জেলেরা। পরে সহকর্মীরা মরদেহ নিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে যান।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, “জেলেরা বন বিভাগের বিরুদ্ধে অন্যায়ভাবে গুলি চালানোর অভিযোগ করেছেন। আমরা বিষয়টি তদন্তের দাবি জানিয়েছি।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জেলেরা। বিকেল সাড়ে চারটার দিকে কয়েক'শ জেলে লাঠিসোঁটা নিয়ে বুড়িগোয়ালিনী স্টেশন অফিস ও সাতক্ষীরা রেঞ্জ অফিসে হামলা ও ভাঙচুর চালান। চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বন বিভাগের দাবি, হামলায় পাঁচ বনকর্মী আহত হয়েছেন।
এদিকে, আমিনুরের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জীবিকার তাগিদে সুন্দরবনে যাওয়া একজন জেলের এমন মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।








