কক্সবাজারে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা
নুরুল আমিন হেলালী, কক্সবাজার প্রতিনিধি:
সারা দেশের ন্যায় পর্যটন নগরী কক্সবাজারে মঙ্গলবার (১৯ মে) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভুমি সেবা মেলা-২০২৬। মেলা চলবে আগামী ২১মে ২০২৬ ইং পর্যন্ত। জনবান্ধব অটোমেটেড ভুমি ব্যবস্থাপনায় "সুরক্ষিত ভুমি সমৃদ্ধ ভবিষ্যৎ " প্রতিপাদ্যে এবছর ভুমি সেবা মেলা অনুষ্টিত হচ্ছে।
সোমবার (১৮ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর তানভীর আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ১৯ মে সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি সারা বংলাদেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করবেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সর্বসাধারণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও হয়রানিহীনভাবে আধুনিক স্মার্ট ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আগামীকাল ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী 'ভূমি সেবা মেলা-২০২৬'। আগামী ২১ মে শহরের ঐতিহাসিক শহিদ দৌলত ময়দানে এই মেলা সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এতে আরও জানানো হয়, মেলার প্রথম দিন ১৯ মে সকাল ১০টায় জেলা প্রশাসন প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হবে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলাপ্রাঙ্গণ শহিদ দৌলত ময়দানে এসে শেষ হবে। এরপর মেলা প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান ও 'জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা' শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।
মেলায় নাগরিকদের তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য মোট ৫ টি বিশেষায়িত স্টল স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মেলাপ্রাঙ্গণে স্থাপিত স্টলসমূহে জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের সংশ্লিষ্ট শাখাগুলোর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সরাসরি উপস্থিত থেকে জনগণকে তাৎক্ষণিক পরামর্শ, আবেদন গ্রহণ এবং সেবা প্রদান করবেন।









