সার্বিক উন্নয়ন পরিকল্পনানিয়ে আঞ্চলিক মতবিনিময়
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার সামগ্রিক উন্নয়ন এবং ভবিষ্যৎ আঞ্চলিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে বাগেরহাট জেলা পরিষদ ভবনের সোনাতলা সভাকক্ষে বাগেরহাট অফিসার্স ফোরামের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান মোহাম্মদ নাছের রিকাবদার, যুক্তরাষ্ট্রপ্রবাসী সিপিএ রফিকুল ইসলাম এবং বাগেরহাট অফিসার্স ফোরামের সাধারণ সম্পাদক ও যুগ্ম সচিব জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে "সবার আগে বাংলাদেশ" নীতিকে সামনে রেখে দেশের সার্বিক উন্নয়নে কাজ চলছে। তিনি উল্লেখ করেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জনপ্রতিনিধি, প্রশাসন এবং রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। একই সঙ্গে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের অগ্রাধিকারমূলক বিনিয়োগের ফলে দেশের মানুষ উন্নত সেবা নিজ দেশেই পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বাগেরহাটে বিমানবন্দর নির্মাণ, সড়ক যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেলে জেলার অর্থনৈতিক সম্ভাবনা আরও বিস্তৃত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, খুলনা-মোংলা মহাসড়কের উন্নয়ন, উপকূলীয় এলাকায় টেকসই বাঁধ নির্মাণ এবং প্রস্তাবিত বিমানবন্দর বাস্তবায়ন বাগেরহাটের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি জানান, মেডিকেল বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল কলেজ এবং তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তোলা হলে দক্ষ জনশক্তি তৈরি হবে, কর্মসংস্থান বাড়বে এবং সুন্দরবনের ওপর স্থানীয় জনগণের নির্ভরশীলতাও কমে আসবে। পাশাপাশি আধুনিক লবণাক্ত পানি ব্যবস্থাপনার মাধ্যমে চিংড়ি চাষের পাশাপাশি কৃষি উৎপাদনেও নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং বিনিয়োগের পরিবেশ আরও শক্তিশালী হবে বলে তিনি মত দেন।
মতবিনিময় সভায় সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, পেশাজীবী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্পায়ন ও বিনিয়োগ বৃদ্ধিসহ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন।
এর আগে সন্ধ্যায় ব্যারিস্টার কায়সার কামাল এমপি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মরহুম বাদল মোড়লের কবর জিয়ারত করেন। পরে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং একটি প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
সফরের শেষ পর্যায়ে সার্কিট হাউসে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। ওই সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।








