রাজশাহীতে গ্রামীণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

প্রকাশিত: ২১ মে ২০২৬, ০৪:৫০ পিএম
রাজশাহীতে গ্রামীণ চক্ষু হাসপাতালের যাত্রা শুরু

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর পঞ্চম “গ্রামীণ চক্ষু হাসপাতাল”। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় নগরীর কাটাখালির মাসকাটাদীঘি এলাকায় হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই হাসপাতালের উদ্বোধন করেন গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মো. আশরাফুল হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী পরিচ্ছন্ন নগরী, আমের নগরী, শিক্ষা নগরী হিসেবে পরিচিত। আমরা চাই আগামীতে রাজশাহী স্বাস্থ্য নগরী হিসেবেও পরিচিতি পাক। আশা করি গ্রামীণ চক্ষু হাসপাতাল রাজশাহী অঞ্চলের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে।”

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি গ্রামীণ হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর পঞ্চম চক্ষু হাসপাতাল। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এটি রাজশাহীসহ উত্তরাঞ্চলের মানুষের দৃষ্টিসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণ গ্রুপের কো-চেয়ারম্যানবৃন্দ, অন্যান্য অতিথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।