মাদককে 'না' বলুন: নোয়াখালীর বেগমগঞ্জে তরুণ প্রজন্মের জাগরণ

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম
মাদককে 'না' বলুন: নোয়াখালীর বেগমগঞ্জে তরুণ প্রজন্মের জাগরণ

মো: মিজানুর রহমান সুমন,  বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:

মাদকের করালগ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং একটি মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে নোয়াখালীর বেগমগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও গণসমাবেশ। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার করিমপুর এলাকায় এই কর্মসূচির আয়োজন করে ‘চৌমুহনীর করিমপুর আদর্শ রোড যুবসমাজ’।

বিকেল গড়িয়ে আসতেই করিমপুর মসজিদ চত্বর থেকে শুরু হয় মাদকবিরোধী র‍্যালি। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র‍্যালিটি চৌমুহনী রেলস্টেশন সড়ক এবং বাজারের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

র‍্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত গণসমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। সমাবেশে বক্তব্য রাখেন চৌমুহনী পৌরসভার শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন বাদশা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং চৌমুহনী পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মন্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, “মাদক কেবল একটি ব্যক্তিগত আসক্তি নয়, এটি বর্তমান সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক কারবারি ও সরবরাহকারীরা দেশ ও জাতির শত্রু। তাদের অপতৎপরতায় আজ মেধাবী তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংসের মুখে।”

সমাবেশ থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ডাক দেওয়া হয়। বক্তারা প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে প্রতিটি পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। যেকোনো মূল্যে আগামীর সুন্দর ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।