বাড়ি ফিরে বিয়ে করতে চেয়েছিলেন মোহন, ফিরলেন লাশ হয়ে

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম
বাড়ি ফিরে বিয়ে করতে চেয়েছিলেন মোহন, ফিরলেন লাশ হয়ে

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


‘মা, বাড়ি এসে বিল্ডিংয়ের কাজটা শেষ করব। এরপর বিয়ে করব।’—মায়ের কাছে এমন স্বপ্নের কথা বলেছিলেন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত মোহন প্রামাণিক। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনে প্রাণ হারিয়েছেন তিনি ও তার ভাই সুমন প্রামাণিক।


সোমবার (১০ আগস্ট) সকালে নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামে মোহন ও সুমনের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।


নিহতদের মা ময়না খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার এক ছেলে সাত বছর এবং আরেক ছেলে দুই বছর ধরে সৌদি আরবে ছিলেন। দীর্ঘ সময়েও তারা ছুটিতে বাড়ি ফিরতে পারেননি। মোহন তাকে বলেছিলেন, ঋণের টাকা পরিশোধ করে বাড়ির কাজ শুরু করেছেন। দেশে ফিরে সেই কাজ শেষ করবেন।


ময়না খাতুন বলেন, অগ্নিকাণ্ডের দিন সকালে ছেলের সঙ্গে তার কথা হয়েছিল। তখন মোহন তাকে বলেছিলেন, ‘ভালোই আছি মা, তুমি ভাত খাও, সুস্থ থাকো।’ পরে আগুন লাগার পর ভয়েস মেসেজে মাকে শেষবারের মতো নিজের কষ্টের কথা জানান তিনি।


ছেলের শেষ কথার স্মৃতি মনে করে ময়না খাতুন বারবার বিলাপ করছেন। তিনি বলেন, ‘আমার দুই বাবাকে আমার বুকে এনে দাও। আমার দুই ধনকে একবার বুকে জড়িয়ে ধরে কলিজা শান্ত করব।’


মোহনের বিয়ের পরিকল্পনার কথাও জানান মা। তিনি বলতেন, দেশে ফিরে বিয়ে করবেন। মাকে পছন্দের মেয়ে খুঁজতে বলেছিলেন। ছেলে বাড়ি ফিরে সংসার শুরু করবে—এই আশাতেই দিন গুনছিলেন ময়না খাতুন। এখন সেই অপেক্ষা পরিণত হয়েছে শোকে।


রোববার দুপুর ২টার দিকে সৌদি আরবের রিয়াদের শিফা থানা এলাকার একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোহন ও সুমনসহ একই গ্রামের আরও কয়েকজন বাংলাদেশি নিহত হন।


নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে আত্রাই উপজেলার এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।


নিহতদের মধ্যে আত্রাই উপজেলার বিভিন্ন গ্রামের সুমন, হাসিবুল হাসান শুভ, মোহন প্রামাণিক, সুমন প্রামাণিক, রুবেল হোসেন, কলি প্রামাণিক, আব্দুল জলিল, সাগর, মজিদুল ও ফরিদ শেখসহ আরও কয়েকজন রয়েছেন।