ফেল করা শিক্ষার্থীদের খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ১০ আগস্ট ২০২৬, ১১:২৭ এএম
ফেল করা শিক্ষার্থীদের খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


এসএসসি ও সমমান পরীক্ষায় পুনঃপরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। খাতা যাচাইয়ের সময় কোনো ভুলত্রুটি পাওয়া গেলে তা সংশোধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধনকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।


তিনি বলেন, পরীক্ষায় ভালো করার প্রস্তুতি থাকলেও অনেক সময় শিক্ষার্থীরা প্রত্যাশিত ফলাফল করতে পারে না। ১৯৯৮ সালের বোর্ডের আইনে খাতা পরিদর্শনের কোনো ব্যবস্থা ছিল না। বর্তমানে সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে।


শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষার্থী পুনঃপরীক্ষণের জন্য আবেদন করবেন, তাদের খাতা সম্পূর্ণভাবে পুনঃপরীক্ষা করা হবে। কোথাও কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, সোমবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।


গত বছর এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ছিল ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।