ফরিদপুরে শতবর্ষী বৃদ্ধা হাসিনা বেগমের ভোট প্রদান
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রশিবপুরা দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন শতবর্ষী বৃদ্ধা হাসিনা বেগম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় আনসার সদস্যদের সহযোগিতায় তিনি ভোট দিতে আসেন।
ছয় সন্তানের জননী হাসিনা বেগম জানান, তার এক নাতিকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে এসেছেন। তিনি বলেন, “আমার স্বামী নেই। সন্তানরা আমাকে দেখাশোনা করেন। যে কোনো সময় মারা যাব, তাই জীবনের শেষ ভোট দিতে পেরে খুবই খুশি ও গর্বিত।” তিনি আরও জানান, কেন্দ্রে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন এবং আনসার সদস্যরা যথাসম্ভব সহায়তা করেছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভাঙ্গা উপজেলার ১৫টি ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটার উপস্থিতি তেমন নেই; বেশির ভাগ কেন্দ্র ফাঁকা রয়েছে। তবে বেলা ১১টার মধ্যে উপজেলার ৯৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছিল। ভাঙ্গা উপজেলার মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯০ হাজার ৯৭৭ জন।
বা/মে২৪/ম









