পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু করল রাসিক
ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী ব্যুরো:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণে প্রথমবারের মতো নগরবাসীর মাঝে বিনামূল্যে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় নগরীর দরগাপাড়া এলাকায় ৯ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক রিটন প্রথমে কয়েকজন নাগরিকের হাতে ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দেন। পরে দরগাপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তিনি নিজে এসব সামগ্রী বিতরণ করেন। এই কর্মসূচির আওতায় মহানগরীর ৮২ হাজার হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস সংরক্ষণের জন্য ৩টি করে পরিবেশবান্ধব ব্যাগ দেওয়া হচ্ছে। গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য ২টি বড় ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হবে।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রদত্ত ব্যাগগুলো পচনশীল এবং মাটির সঙ্গে মিশে যাবে। ভবিষ্যতে রাজশাহীকে পলিথিনমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। কোরবানির বর্জ্য অপসারণ প্রসঙ্গে প্রশাসক বলেন, “প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা ১০ থেকে ১২ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করতে সফল হব, ইনশাআল্লাহ।”
নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, “ড্রেনের ওপর পশু জবেহ ও ড্রেনে রক্ত-বর্জ্য ফেলা থেকে বিরত থাকুন। কোরবানির বর্জ্য রাসিকের দেওয়া ব্যাগে ভরে নির্দিষ্ট স্থানে রাখুন। পশুর রক্ত ও বর্জ্য অপসারণের পর পর্যাপ্ত ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন।”
রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার জানান, সারাদেশের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনই প্রথম এমন উদ্যোগ নিয়েছে। তিনি এটিকে প্রশাসকের একটি উদ্ভাবনী উদ্যোগ বলে অভিহিত করেন।
অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল হুদা, সহ-সভাপতি জয়নাল আবেদীন শিবলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন, সদস্য সচিব এমদাদুল হক লেমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









