পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস দহগ্রাম সীমান্তে আটক

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ১২:৩৬ পিএম
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি সাব্বির বিন শামস দহগ্রাম সীমান্তে আটক

মোঃ ওমর ফারুক সুমন,  লালমনিরহাট প্রতিনিধি:

ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত এলাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ মে) দুপুরে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক সাব্বির বিন শামস যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে মিনিস্টার (প্রেস ও রাজনৈতিক) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভারত থেকে অবৈধ পথে দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন তিনি। সীমান্ত এলাকায় তার চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের জন্য তাকে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের সময়ে সাব্বির বিন শামস দলীয় গবেষণা সংস্থা সিআরআই-এর নির্বাহী পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন, লন্ডনে মিনিস্টার পদে দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। একপর্যায়ে তিনি অবৈধভাবে ভারতে চলে যান বলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি।

পুলিশ সুপার আরও জানান, সাব্বির বিন শামসকে বর্তমানে ডিবি কার্যালয়ে রেখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবৈধ সীমান্ত পারাপারসহ অন্যান্য অভিযোগের বিষয় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।