তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সপরিবার ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তাকে সপরিবার ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় নরেন্দ্র মোদি বলেন, বাংলাদেশে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর বিজয় এবং বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নিয়োগ উপলক্ষে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।
বার্তায় মোদি বলেন, “এই মহান দায়িত্ব গ্রহণের প্রাক্কালে আপনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি। আপনার এই বিজয় বাংলাদেশের জনগণের আপনার নেতৃত্বের প্রতি আস্থা ও বিশ্বাসেরই প্রমাণ। দেশকে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার আপনার দৃষ্টিভঙ্গির প্রতি জনগণের ম্যান্ডেটেরই বহিঃপ্রকাশ এটি।”
ভারতের প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত ও বাংলাদেশের মধ্যে গভীর প্রোথিত বন্ধুত্ব বিদ্যমান। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে উঠেছে।
মোদি আশা প্রকাশ করেন, উভয় দেশের নিজ নিজ উন্নয়ন অগ্রাধিকার এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে এই বন্ধুত্ব পথনির্দেশক নীতি হিসেবে কাজ করবে। তিনি আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য-বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মতো খাতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথাও জানান।
এছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুবিধাজনক সময়ে সপরিবার ভারত সফরের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি।
বিশ্লেষকরা মনে করছেন, নতুন সরকারের প্রতি ভারতের এই দ্রুত শুভেচ্ছা বার্তা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিশেষ করে সীমান্ত ব্যবস্থাপনা, বাণিজ্য ঘাটতি হ্রাস, আন্তঃদেশীয় যোগাযোগ অবকাঠামো এবং আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতার মতো ইস্যুতে দুই দেশের সম্পর্ক নতুন গতি পেতে পারে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। তার নেতৃত্বে নতুন সরকার গঠনের পর প্রতিবেশী দেশগুলোর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা আসা শুরু হয়েছে।
বা/মে২৪/ম









