ঢাকা-৮: ভোট ডাকাতির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন্দ্র করে উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে ভোট ডাকাতির অভিযোগ এনেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই অভিযোগের পাশাপাশি পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ওপর হামলার বিষয়টিও উঠে আসে। হামলার পর তাকে উদ্ধার করেন সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দুপুর ১২.৪০ মিনিটে ফেসবুকে এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে ভোট ডাকাতি হচ্ছে। আমরা কেন্দ্রে প্রবেশ করার পর বিএনপির নেতাকর্মীরা প্রশাসনের উপস্থিতিতেও আমাদের ওপর হামলা চালায়।”
তিনি আরও বলেন, অবিলম্বে সুষ্ঠু তদন্ত এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
তবে, এই অভিযোগ সম্পর্কে মির্জা আব্বাস বা তার পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ ঘটনায় কেন্দ্রে ভোটার ও প্রার্থী উভয়ের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
বা/মে২৪/ম









