ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০২:২১ এএম
ঢাকা ওয়াসার এমডিসহ শীর্ষ ৪ পদে রদবদল

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি)সহ সরকারের গুরুত্বপূর্ণ চারটি পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে ঢাকা ওয়াসার নতুন এমডি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।


মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ ও পদায়নের আদেশ জারি করে।


প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মনিরুজ্জামানকে প্রেষণে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।


অন্যদিকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিতে নিয়োজিত মো. আমিনুল ইসলামের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাঁকে এক বছরের চুক্তিতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।


সচিব পদমর্যাদায় আমিনুল ইসলামকে এ নিয়োগ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রে নির্ধারণ করা হবে।


এদিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাঁর স্থলে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব) ড. রওশন আরা বেগমকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।


এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে মো. বেলাল হোসেনকে এক বছরের চুক্তিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর অভোগকৃত অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে এ নিয়োগ দেওয়া হয়।


গ্রেড-১ পদমর্যাদায় প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পাওয়া মো. বেলাল হোসেনকেও অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। তাঁর নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।