কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০২:১৯ এএম
কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সূত্রঃ সংগৃহীত

স্টাফ রিপোর্টার


রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন।


সোমবার (২৪ আগস্ট) সকালে কলাবাগানের ১৮৮ গ্রিন রোডের বাসা থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ধীরেন্দ্র কুমার রায়ের মেয়ে ঘুম থেকে উঠে তাঁকে বাসায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে মৃত ঘোষণা করেন।


পুলিশ জানায়, ধীরেন্দ্র কুমার রায়ের স্ত্রী দীপালি রায় একটি স্কুলে শিক্ষকতা করেন। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। তাঁর মেয়ে বাসায় ঘুমিয়ে ছিলেন। মেয়ের ঘুমের মধ্যেই ধীরেন্দ্র কুমার রায় এ ঘটনা ঘটিয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।


আত্মহত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে পুলিশ জানায়, পরিবারের ভাষ্য অনুযায়ী ধীরেন্দ্র কুমার রায় দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন। ২০২৫ সাল থেকে তাঁর মানসিক চিকিৎসাও চলছিল। এ ছাড়া তাঁর দুই ভাইও আত্মহত্যা করে মারা গেছেন বলে জানা গেছে।


পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।