জমি দখলের অভিযোগে হামলা, আতঙ্কে ভুক্তভোগী পরিবার
নিজস্ব প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলার রাজার ডুমুরিয়া ইউনিয়নের নির্বাসখোলা গ্রামে জোরপূর্বক জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে কয়েকজন নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের চেষ্টা করে আসছিল একটি পক্ষ। এতে বাধা দিলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। হামলায় ঝর্না খাতুন (৩৫), সখিনা খাতুন (৪০), রুবিনা খাতুন (২০), শারমিন আক্তার আখি (২৫) ও রেহেনা খাতুন (৪৫) আহত হন। অভিযোগ রয়েছে, নিরস্ত্র ও অসহায় এসব নারীর ওপর নির্মমভাবে মারধর করা হয়, যার ফলে তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পরও অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছেন, যার কারণে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং নতুন করে হামলার আশঙ্কায় আতঙ্কিত রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সোহরাব (৪০), আব্দুল্লাহ (৩২), হাসান (৪০), মর্জিনা (৪৫), হামিদা (৫০) ও শিউলি খাতুন (২৮), স্বামী: আব্দুল্লাহ—সকলের ঠিকানা: নির্বাসখোলা, রাজার ডুমুরিয়া ইউনিয়ন, ঝিকরগাছা, যশোর—এর নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন









