স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবা পরিবহন আটক ৩

প্রকাশিত: ১৬ জুলাই ২০২৬, ০৫:৫৪ এএম
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবা পরিবহন আটক ৩

নাছির নোমান,  ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার রাবার বাগান এলাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে রামু উপজেলার রাবার বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া এলাকার আব্দুল গফুরের ছেলে সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পশ্চিম কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিম নাউ এলাকার মৃত শহীদুল ইসলাম সুরুজের মেয়ে সিমা ইসলাম (২২) এবং ঢাকার মিরপুর-১ এলাকার দারুসসালাম থানাধীন দক্ষিণ বিশিল এলাকার শাকিল মৃধার স্ত্রী উর্মি আক্তার ঊষা (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র কক্সবাজার থেকে ব্যক্তিগত গাড়িতে করে ইয়াবার চালান ঢাকায় নিয়ে যাচ্ছে। খবর পেয়ে রামুর রাবার বাগান এলাকায় অবস্থান নিয়ে চট্টগ্রামমুখী যানবাহনে নজরদারি শুরু করে ডিএনসির একটি দল।

একপর্যায়ে কক্সবাজার থেকে আসা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দেওয়া হলে চালক তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়।

আটকের পর গাড়ির চালক ও সঙ্গে থাকা দুই নারী নিজেদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত কয়েকজন কর্মকর্তার পরিচিত বলে দাবি করেন। তবে সংশ্লিষ্ট দপ্তরে যাচাই করে ওই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

পরবর্তীতে গাড়িটি তল্লাশি চালিয়ে ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজারের পরিদর্শক (ইন্সপেক্টর) মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রামু থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।