ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকি

প্রকাশিত: ০২ জুলাই ২০২৬, ১১:৩৮ পিএম
ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকি

জাবি প্রতিবেদক:

 জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক আবু তৌহিদ মো. সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ফোনে তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং বাসা পরিবর্তন করে ফেলতেও বলা হয়।

অভিযোগ অনুযায়ী, হুমকিদাতা হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ঢাবি ছাত্রলীগের সাবেক উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ নাঈমের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সিয়াম জানান, অভিযুক্ত ব্যক্তি তার পূর্বপরিচিত। তবে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে তাদের মধ্যে আর তেমন যোগাযোগ ছিল না। তিনি বলেন, "গতকাল কয়েকবার মেসেঞ্জারে ফোন দেওয়ার পর আমি ফোনটি ধরি। কথোপকথনের সময় সে আমাকে এক ধরনের প্রচ্ছন্ন হুমকি দেয়। আমার ছাত্রলীগবিরোধী অ্যাক্টিভিজমের বিষয়টি উল্লেখ করে বাসা পরিবর্তন করার কথাও বলে।"

তিনি আরও বলেন, "এসব নিয়ে আমি মোটেও বিচলিত নই। পলাতক ছাত্রলীগ এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। তবে এ ধরনের ঘটনার মূল কারণ হলো ক্যাম্পাস ও রাষ্ট্রীয় পর্যায়ে তাদের বিচার না হওয়া। নিষিদ্ধ হওয়ার পরও ছাত্রলীগকে যথেষ্ট পরিমাণে স্পেস দেওয়া হচ্ছে।"

সিয়ামের দাবি, এ ঘটনা প্রমাণ করে ছাত্রলীগের সঙ্গে কোনো ধরনের পুনর্মিলনের সুযোগ নেই। তিনি বলেন, "এ বিষয়ে আমাদের সামগ্রিকভাবে একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে।"

এ ঘটনায় তিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। সিয়াম বলেন, "তারা আমাদের মধ্যে ভয় সৃষ্টি করতে চায়। কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব নয়। জুলাই আন্দোলনে যারা ছিল, তারা এর চেয়েও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তাই আমরা এসব মোকাবিলার জন্য প্রস্তুত।"

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত শেখ মোহাম্মদ নাঈমের বক্তব্য পাওয়া যায়নি।