ফকিরহাটে ডিবি পুলিশের অভিযানে ৪০১৫ পিস ইয়াবা উদ্ধার, ২৬ মামলার আসামিসহ গ্রেপ্তার ৪
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলায় মাদকবিরোধী অভিযানে বড় ধরনের সাফল্যের দাবি করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ফকিরহাট উপজেলার বারাশিয়া মধ্যপাড়া এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে ৪০১৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ২৬টি মামলার আসামি হিসেবে পরিচিত মনি শেখ ওরফে মনির শেখ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মনির শেখের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মনি শেখসহ তার তিন সহযোগীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— মনি শেখ (৪৭), সবুজ মিয়া ওরফে সবুজ (৩০), হাফিজুর রহমান মোল্লা ওরফে হাফিজুল (৩৭) এবং তৌহিদুল ইসলাম শেখ তামিম (২০)।
পুলিশের দাবি, অভিযানে তাদের কাছ থেকে ৪০১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৭১ হাজার ৯২০ টাকা নগদ, যা মাদক বিক্রির অর্থ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শুক্রবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জানান, গ্রেপ্তার হওয়া মনি শেখের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৬টি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে।
তিনি বলেন, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। গত সাত দিনে ডিবি পুলিশের অভিযানে মোট ৪০ জন সন্দেহভাজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতিতে অভিযান আরও জোরদার করা হবে।
এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে পুলিশ জনগণকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে আহ্বান জানিয়েছে এবং তথ্যদাতার পরিচয় কঠোর গোপনীয়তায় সংরক্ষণের আশ্বাস দিয়েছে।








