কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেলেন শিশু বিশেষজ্ঞ ডাঃ মো: মুজিবুল হক
নিজস্ব প্রতিবেদক:
পর্যটন নগরী কক্সবাজারের স্বাস্থ্যসেবার সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বর্ণিত কলেজের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. মোহাম্মদ মুজিবুল হক।
বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে ডা. মোহাম্মদ মুজিবুল হককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
একই প্রজ্ঞাপনে শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (পেডিয়াট্রিক) ডা. মো. মজিবুর রহমানকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ৯ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সদ্য পদায়নকৃত ডা.মো:মুজিবুল হক জানান,দীর্ঘদিনের তাঁহার চিকিৎসা পেশার অভিজ্ঞতা থেকে শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে ভুমিকা রাখার চেষ্টা করবেন। এবং তাঁর উপর অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। এদিকে দীর্ঘদিন ঈদগাঁওতে চাকুরি করার সুবাদে এলাকায় তাঁর সুনাম রয়েছে। শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এদিকে সদ্য নিয়োগকৃত ডা.মো: মুজিবুল হকের দক্ষ নেতৃত্ব, সততা, প্রজ্ঞা ও সুদীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে কক্সবাজার মেডিকেল কলেজ শিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যসেবায় নতুন উচ্চতায় পৌঁছাবে এটাই প্রত্যাশা সচেতন মহলের।








