চবিতে সেরা গবেষণা প্রবন্ধ পুরস্কার পেলেন ছয় শিক্ষক
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
গবেষণাকে আরও গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘সেরা গবেষণা প্রবন্ধ পুরস্কার’ ও গবেষণা কর্মশালা-২০২৬। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনা সেলের উদ্যোগে সোমবার (১৩ জুলাই) মেরিন সায়েন্সেস ইনস্টিটিউটের অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের গবেষক, শিক্ষক এবং গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা অংশ নেন। গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন অনুষদের ছয়জন শিক্ষককে ‘সেরা গবেষণা প্রবন্ধ পুরস্কার’ প্রদান করা হয়। একই সঙ্গে গবেষণা প্রস্তাবনা প্রস্তুত, গবেষণা অনুদান ব্যবস্থাপনা এবং প্রকাশনা কার্যক্রম বিষয়ে কর্মশালার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় নিবন্ধনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এম. মাসুদুল আজাদ চৌধুরী, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এম. শাহাদাত হোসাইন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন।
উপাচার্যের বক্তব্যের পর অনুষ্ঠিত হয় ‘সেরা গবেষণা প্রবন্ধ পুরস্কার’ প্রদান অনুষ্ঠান। গবেষণা ও প্রকাশনা সেলের পক্ষ থেকে ছয়টি অনুষদ থেকে নির্বাচিত ছয়জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হয়।
সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ কাজিম নুর সাহাব ‘বিজ্ঞান ও সমাজের মধ্যে যোগসূত্র স্থাপন: আদিবাসী ও বৈজ্ঞানিক জ্ঞান ব্যবস্থাপনার একীকরণ’ শীর্ষক গবেষণার জন্য পুরস্কার লাভ করেন।
প্রকৌশল অনুষদ থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ থেকে অধ্যাপক ড. জামাল
উদ্দিন আহমেদ
উন্নত প্রযুক্তির ডাইং শিল্পে ব্যবহারের জন্য T-টেরেসা-Ba0.85Sr0.2Fe12O19-এর ক্যাটালাইটিক, ম্যাগনেটিক ও চৌম্বকীয় বৈশিষ্ট্যবিষয়ক গবেষণার জন্য পুরস্কৃত হন।
জীববিজ্ঞান অনুষদ থেকে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুমানা আক্তার (প্রধান গবেষক) ‘বাংলাদেশি তরুণ-তরুণীদের মধ্যে পিতা-মাতা, ঘনিষ্ঠ বন্ধু ও প্রেমসঙ্গীর গ্রহণযোগ্যতা পরিমাপের জন্য 'প্রাপ্তবয়স্ক আন্তঃব্যক্তিক গ্রহণযোগ্যতা-বর্জন স্কেল' বৈধতা যাচাই শীর্ষক গবেষণার জন্য সম্মাননা পান।
কলা ও মানবিক অনুষদ থেকে আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. ফারজানা ইয়াছমিন চৌধুরী ‘সাংস্কৃতিক মূল্যবোধ ও রীতিনীতির আন্তঃপ্রজন্মীয় সঞ্চালন: অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের একটি নৃতাত্ত্বিক গবেষণা’ শীর্ষক প্রবন্ধের জন্য পুরস্কার অর্জন করেন।
ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আওলাদ হোসেন সাগর ‘বাংলাদেশের ফ্যাশন সরবরাহ শৃঙ্খলে নীরবতা চর্চা এবং পরিবেশগত টেকসইতা: আধুনিক সরঞ্জামের মধ্যস্থতাকারী ভূমিকা’ বিষয়ক গবেষণার জন্য নির্বাচিত হন।
বিজ্ঞান অনুষদ থেকে পদার্থবিদ্যা বিভাগের ড. মো. কাউসার আলম (প্রধান লেখক) ‘ক্যান্সার কোষগুলো নিউক্লিয়াসের বিকৃতির মাধ্যমে ভিমেন্টিন ফিলামেন্ট পরিবর্তন করে এবং কাঙ্খিত টিউমার স্ফেরয়েডের বৃদ্ধিকে উৎসারিত করার দ্বারা ক্যান্সার কোষসমূহ সীমিত স্থানে দ্রুততর স্হানে চলাচল করে' শীর্ষক গবেষণার জন্য পুরস্কার লাভ করেন।
অনুষ্ঠানে গবেষণা ও প্রকাশনা সেলের পরিচালক অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সভাপতিত্ব করেন।
কর্মশালার প্রথম পর্বে গবেষণা ও প্রকাশনা সেলের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
পরবর্তী সেশনে অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন গবেষণা অনুদান পাওয়ার জন্য কার্যকর প্রস্তাবনা তৈরির কৌশল, গবেষণার কাঠামো এবং পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।
বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ জোরদার করতে গবেষণা ও প্রকাশনা সেল নিয়মিতভাবে গবেষণা অনুদান, প্রশিক্ষণ কর্মশালা এবং প্রকাশনা কার্যক্রম পরিচালনা করে আসছে।









