চবিতে সিইউএসডির ১৭ তম ডিবেট ওয়ার্কশপ ও চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
আহমেদ মুনহা, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) আয়োজিত ‘১৭তম থিমেটিক ডিবেট ওয়ার্কশপ ও চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করা হয়। ‘যুক্তিবোধের উন্মোচনে সহযোগ সম্মিলন’ স্লোগানকে ধারণ করে আয়োজিত এ কর্মশালায় চার শতাধিক নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল ফোরকান বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নবীন শিক্ষার্থীদের বিতর্কচর্চার সঙ্গে সম্পৃক্ত করতে সিইউএসডির উদ্যোগ প্রশংসনীয়। তিনি বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত, স্বাধীন ও গণতান্ত্রিক চর্চার পরিবেশ গড়ে তুলতে সকল ক্লাব ও সংগঠনকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ছাত্রজীবনে অর্জিত বিতর্কের দক্ষতা পরবর্তী ব্যক্তিগত ও পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর বলেন, পাঠ্যক্রমের পাশাপাশি বিতর্ককে সহশিক্ষা কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা উচিত।
সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ এনায়েতউল্লাহ পাটোয়ারী বলেন, বিতর্ক শিক্ষার্থীদের দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ এম মাসুদুল আজাদ বলেন, বিতর্ক ইতিবাচক চিন্তাভাবনা ও যৌক্তিক বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করে।
অনুষ্ঠানে সিইউএসডির মডারেটর ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. তুনাজ্জিনা সুলতানা বলেন, বিতর্ক কেবল যুক্তির চর্চা নয়, এটি মননশীলতা ও চিন্তাশক্তি বিকাশেরও কার্যকর মাধ্যম। স্টুডেন্ট অ্যাডভাইজার ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় শুধু স্নাতক তৈরির প্রতিষ্ঠান নয়; বরং যোগ্য ও আদর্শ মানুষ গড়ে তোলার ক্ষেত্র।
চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, বিতর্কের মূল উদ্দেশ্য হওয়া উচিত নিজেকে জানা এবং চিন্তাশক্তির বিকাশ ঘটানো। বিতর্ক মানুষকে সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধাবোধ এবং দায়িত্বশীল নাগরিকত্বের শিক্ষা দেয়।
উদ্বোধনী অনুষ্ঠানে একটি প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে সরকারি দলের পক্ষে অংশ নেন নাজমুস সাদাত সায়েম, সামিয়া আলম ও খান আকিবুল ইসলাম। বিরোধী দলের পক্ষে অংশ নেন প্রতীক রায় শান্ত, তাজদিকা খানম ও আবির মাহমুদ পলাশ।









