কলকাতার হোটেলে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৪:২৬ পিএম
কলকাতার হোটেলে আগুনে নিহত পাঁচ বাংলাদেশির পরিচয় জানা গেছে

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


ভারতের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি বলে নিশ্চিত করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। নিহতদের মধ্যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমীন, ছেলে শর্ণশিষ দত্ত ও শ্বশুর আকরাম আলী রয়েছেন। নিহত অপর বাংলাদেশি আহমেদ বাবু ঢাকার আমিনবাজারের বেগুনবাড়ির বাসিন্দা।


বুধবার (১৯ আগস্ট) মধ্যরাতে কলকাতার একটি হোটেলে আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা সন্দীপ পাসওয়ানের পরিচয়ও জানা গেছে।


দেবাশীষ দত্তের পরিবার জানিয়েছে, তার স্ত্রী আফসানা শারমীন অসুস্থ ছিলেন। তার চিকিৎসার জন্য গত ৩ আগস্ট তারা ভারতে যান। প্রথমে বেঙ্গালুরুতে চিকিৎসা নেন আফসানা। চিকিৎসা শেষে মঙ্গলবার (১৮ আগস্ট) তারা কলকাতায় পৌঁছান। দেশে ফেরার আগে ওই হোটেলে অবস্থান করছিলেন তারা। সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের চার সদস্যের মৃত্যু হয়।


কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের আলোর সম্পাদক গাজী মাহবুব রহমান জানান, দেবাশীষ দত্ত পত্রিকাটির নির্বাহী সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।