ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পিএম
ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা: প্রধানমন্ত্রী

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


দেশকে পুনরায় তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দলমত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


তিনি বলেছেন, পলাতক ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতের মতো গার্মেন্টস শিল্পকেও ধ্বংস করে অন্য কোনো বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ কোনো তাঁবেদার শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না।


বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’


বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।


অধিবেশনে তিনি দেশের চলমান পরিস্থিতি, পোশাকশিল্পে অস্থিরতা, সুষম উন্নয়ন এবং পলাতক অপশক্তির ষড়যন্ত্র নিয়ে বিস্তারিত বক্তব্য দেন।


প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। এভাবে এগিয়ে যেতে পারলে ভবিষ্যতে আর কেউ বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। গণতন্ত্র ও সমৃদ্ধি একে অপরের পরিপূরক। গণতন্ত্র সমৃদ্ধির পথ প্রশস্ত করে, আর সমৃদ্ধি গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করে।


সাম্প্রতিক সময়ে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টাকে পরাজিত ও পলাতক অপশক্তির ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পলাতক ফ্যাসিস্ট চক্র যেভাবে দেশের স্বাস্থ্য খাতকে পরনির্ভরশীল করে একটি বিশেষ দেশে মানুষকে চিকিৎসা নিতে বাধ্য করেছিল, একইভাবে গত ৫০ বছরে শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা গার্মেন্টস শিল্পকেও ধ্বংসের পাঁয়তারা করছে। এই শিল্প ধ্বংস করে অন্য কোনো বিশেষ দেশের হাতে এর সুবিধা তুলে দেওয়ার চেষ্টা চলছে কি না, তা ভাবার সময় এসেছে।


পোশাকশ্রমিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার সম্পূর্ণ ওয়াকিবহাল। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন।


তিনি বলেন, সরকার ও মালিকপক্ষ যখন বেতন প্রদানে আন্তরিক, তখন বিদেশে পলাতক সন্ত্রাসী শক্তির উসকানিতে কারখানা ভাঙচুর বা অগ্নিসংযোগ করা উচিত নয়।


শ্রমিকদের উদ্দেশে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, কারখানা নষ্ট করে ফেলা হলে বেতন আসবে কোথা থেকে? পলাতক চক্র দেশের মানুষের অর্থসম্পদ লুটপাট করে বিদেশে আরাম-আয়েশে দিন কাটাচ্ছে উল্লেখ করে তিনি শ্রমিকদের উসকানিতে পা না দিয়ে নিজেদের জীবন ও জীবিকার উৎস কর্মস্থল রক্ষার আহ্বান জানান।


দেশের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, জনগণের নির্বাচিত সংসদ ও সরকার একটি নিরাপদ, স্বনির্ভর এবং সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে। এলাকাভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। অবহেলিত রংপুরের উন্নয়নে সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, এই সরকার সমগ্র বাংলাদেশে সুষম উন্নয়নের জন্য কাজ করছে।


পতিত ফ্যাসিস্ট দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘চোর না শুনে ধর্মের কাহিনী’—এটি আবারও প্রমাণিত হয়েছে যে সুযোগ পেলেও দলটির চরিত্র পরিবর্তন হয় না। এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। বরং দেশে-বিদেশে তারা আবারও সন্ত্রাসে লিপ্ত হয়েছে।


সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে হেনস্তা, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে একজন নারী শিল্পীর ওপর হামলার ঘটনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব ঘটনা প্রমাণ করে, তারা কোনো রাজনৈতিক দল নয়; বরং একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী।


তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ এই সন্ত্রাসী দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া ও হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। যারা এসব সন্ত্রাসীকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের মনোভাবও দেশের স্বাধীনতাপ্রিয় মানুষের কাছে স্পষ্ট।


মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে লাখো প্রাণের বিনিময়ে এবং ২০২৪ সালে হাজারো প্রাণের বিনিময়ে এ দেশের মানুষ কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য স্বাধীনতা অর্জন বা রক্ষা করেনি।


পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকাতে এবং তাঁবেদারি রুখে দিতে সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


তিন দশক আগে খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান পুনরায় উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’ স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, তাঁবেদার শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই এ দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।


বক্তব্যের শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সফলভাবে পরিচালনার জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।


এমকে/বিএম২৪