ঐতিহাসিক বিজয়ের পর নতুন সমীকরণ, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে যাচ্ছেন তারেক রহমান

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ এএম
ঐতিহাসিক বিজয়ের পর নতুন সমীকরণ, জামায়াত ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে যাচ্ছেন তারেক রহমান

নিজেস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, আগামীকাল রোববার পৃথকভাবে তাদের বাসভবনে গিয়ে সাক্ষাৎ করবেন তিনি।

সদ্যসমাপ্ত নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে জয় পেয়েছে ২০৯টি আসনে। জোটের শরিক দলগুলো পেয়েছে আরও ৩টি আসন। ফলে পরবর্তী সংসদে বিএনপি নেতৃত্বাধীন জোটের মোট আসনসংখ্যা দাঁড়াচ্ছে ২১২। তবে আরও দুটি আসনে বিএনপির জয়লাভের সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকা ও বগুড়া—দুটি আসন থেকেই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তার এই বিজয়কে দলটির নেতাকর্মীরা “নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা” হিসেবে দেখছেন।

বিপুল ব্যবধানে জয়লাভ করায় তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় তিনি বলেন, “সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতে ইসলামি ও এনসিপি নেতাদের সঙ্গে তারেক রহমানের এই সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতা, সংসদীয় সহযোগিতা এবং জাতীয় ইস্যুতে ঐক্য গঠনের ইঙ্গিত বহন করতে পারে।

উল্লেখ্য, এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের অধীনে অংশ নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল বিএনপি। সে সময় দলটি এককভাবে ১৯৩টি আসন পায় এবং জোটসহ মোট আসনসংখ্যা ছিল ২১৬। ওই নির্বাচনের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির এই বড় জয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন সবার দৃষ্টি আসন্ন সরকার গঠন প্রক্রিয়া এবং সম্ভাব্য রাজনৈতিক সমঝোতার দিকে।



বা/মে২৪/ম