ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পিএম
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র করার সাহস কেউ পাবে না: প্রধানমন্ত্রী

ছবি: বিডি মেইল

নিজস্ব প্রতিবেদক


দেশের মানুষ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ন করার সাহস কেউ পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলুণ্ঠিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে। তবে দেশের স্বাধীনতা রক্ষা ও জনগণের স্বার্থে সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।


শনিবার (২১ নভেম্বর) বিকেলে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সময়ে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে পাহাড় থেকে সমতল পর্যন্ত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ বাহিনীর অবদান অনন্য।


বক্তব্যের শুরুতে মায়ের স্মৃতিচারণ করেন তারেক রহমান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান ছিল এ আয়োজনে তাঁর শেষ অংশগ্রহণ।


সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। এটি বাহিনীর ইতিহাসের একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। সশস্ত্র বাহিনী বাংলাদেশের সাহস ও শৌর্যের প্রতীক।


সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, সরকার এ বাহিনীর আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাহিনীতে চেইন অব কমান্ড পুরোপুরি বজায় রাখা হবে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাঙ্ক, ওয়ান পেনশন’ ব্যবস্থা কার্যকর করা হবে।


শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেকোনো মূল্যে অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য।