ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। মোট সাত ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা করেছে কমিশন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে সাত ধাপে ভোটগ্রহণ করা হবে। প্রাথমিক সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট হবে ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপে ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপে ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া চতুর্থ ধাপের ভোট আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ভোট ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হতে পারে।
ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের মাধ্যমে নির্বাচন কার্যক্রম শুরু হতে পারে। তবে এসব সিদ্ধান্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও সার্বজনীন করতে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে কমিশন। কমিশনের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কার্যক্রমের তৃতীয় ধাপে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ অনুষ্ঠিত হবে।
তিনি জানান, সংলাপে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার পর নির্বাচনের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
এমকে/বিএম২৪








