ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে কমিশন। আগামী ১৫ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে নভেম্বরে ভোট শুরুর কথা ভাবা হচ্ছে।
ইসি সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের সর্বশেষ সাধারণ নির্বাচনের তথ্য চেয়ে গত ২ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া সর্বশেষ নির্বাচনের বিভিন্ন তথ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনে পাঠানো হয়।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য কমিশনের প্রস্তুতি রয়েছে। সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ চলছে। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই সময়কে নির্বাচন আয়োজনের জন্য উপযুক্ত মনে করছে কমিশন। ফেব্রুয়ারিতে রমজান থাকায় ওই সময়ে ভোট আয়োজন করা হবে না।
তিনি জানান, ইউপি নির্বাচনের পাশাপাশি পৌরসভা নির্বাচনও আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে আগামী বছরের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করা সম্ভব হবে কি না, তা নিশ্চিত নয়।
ইসি জানিয়েছে, আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি ভোটকেন্দ্র নির্ধারণ, নির্বাচনী সামগ্রী সংগ্রহসহ অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে। ইউপি নির্বাচন কয়েক ধাপে আয়োজন করা হবে এবং আগের মতোই ধাপে ধাপে ভোট নেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে কোনো ইউনিয়নে সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা বা মামলা থাকলে সেখানে নির্বাচন আয়োজন করা হবে না। এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে।
নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে ইসি। প্রয়োজন অনুযায়ী কোথাও সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
এদিকে স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছে ইসি। কমিশন ইতোমধ্যে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের আইনি কাঠামো নিয়ে প্রয়োজনীয় সংশোধনের কাজ এগিয়ে নিয়েছে।
দেশে বর্তমানে ৪ হাজার ৫৮১টি ইউনিয়ন পরিষদ, ৪৯৫টি উপজেলা পরিষদ, ৩৩০টি পৌরসভা, ১৩টি সিটি করপোরেশন ও ৬১টি জেলা পরিষদ রয়েছে। গত দুই বছরে এসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অধিকাংশ নির্বাচিত জনপ্রতিনিধিশূন্য হয়ে পড়ায় স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন।
এমকে/বিএম২৪









