আশুলিয়ায় দুই ভোটকেন্দ্রে দখলচেষ্টার অভিযোগ, বিএনপির ১৩ নেতাকর্মী আটক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ এএম
আশুলিয়ায় দুই ভোটকেন্দ্রে দখলচেষ্টার অভিযোগ, বিএনপির ১৩ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার আশুলিয়ায় দুটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালায়। এ সময় কেন্দ্র দখলের প্রস্তুতির অভিযোগে ৯ জনকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটক ব্যক্তিরা হলেন— আশুলিয়া থানার মধুপুর এলাকার শামসুল হকের ছেলে আব্দুর রহমান (৪২), বশির উদ্দিন বেপারীর ছেলে মো. শাহজাহান বেপারী (৬৪), ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ সরোয়ার (৫২), শাহজাহান বেপারীর ছেলে মো. জুলহাস উদ্দিন (২৪), মো. বাবুল হোসেনের ছেলে মো. সুমন (২৩), আহমদ আলীর ছেলে মো. সুজন (২০), মো. তাইজুল ইসলামের ছেলে মো. শাহিনুর ইসলাম (৩০), আখতার হোসেনের ছেলে মো. সুমন (৩৬) এবং গোপীপাড়া এলাকার দানেজ আলী শেখের ছেলে মোহাম্মদ নুরুল ইসলাম (৩৫)।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, আটকরা বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক।

এদিকে একই সময়ে ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলাম ভোটকেন্দ্রে পৃথক অভিযানে আরও ৪ জনকে আটক করা হয়। তারা হলেন— নলাম বাগবাড়ি এলাকার ইউসুফ আলীর ছেলে মো. মন্টু মিয়া (৩৫), নলাম পানপাড়া এলাকার মো. আলী হোসেনের ছেলে মো. জুয়েল মিয়া (৩৬), একই এলাকার লোকমান হোসেনের ছেলে কবির হোসেন (৩৭) এবং মজিদ বেপারীর ছেলে রাকিব হোসেন (৩৯)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তারাও একই প্রার্থীর সমর্থক।

আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সায়মন শেখ গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনী রাতেই ১৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



বা/মে২৪/ম