হোমওয়ার্ক না করায় শিক্ষকের চড়, শ্রেণিকক্ষেই শিশুর মৃত্যু
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে হোমওয়ার্ক না করায় শিক্ষকের চড়ের পর শ্রেণিকক্ষেই ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ওয়ান টাউন এলাকার লিটল গার্ডেনস স্কুলে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম প্রণয় তেজা। সে ওই স্কুলের ইউকেজি শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আগের দিনের হোমওয়ার্ক না করায় এবং প্রশ্নের উত্তর দিতে না পারায় এক নারী শিক্ষক শিশুটির ওপর ক্ষুব্ধ হন। একপর্যায়ে তিনি শিশুটিকে চড় মারেন। শ্রেণিকক্ষের সিসিটিভি ফুটেজে ওই শিক্ষককে শিশুটির জামা টেনে ধরে চড় মারতে দেখা গেছে।
চড় খাওয়ার পরপরই শিশুটি জ্ঞান হারিয়ে প্রথমে শিক্ষকের গায়ের ওপর ঢলে পড়ে। পরে মেঝেতে পড়ে যায়। দ্রুত তাকে স্থানীয় কিং জর্জ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বলে জানান।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র আতঙ্ক বা আঘাতের কারণে শিশুটির হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কিংবা শ্বাসরোধে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় বিশাখাপত্তনম পুলিশ মামলা করেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।








