খুলনায় প্রকাশ্যে গুলি করে জুটমিল শ্রমিককে হত্যা
সূত্রঃ ফাইল ছবি
মো. আল-মাহফুজ শাওন, খুলনা
খুলনা মহানগরীর দৌলতপুর থানার কুলিবাগান মোড়ে দুর্বৃত্তদের গুলিতে জলিল মুন্সি (৩৫) নামে এক জুটমিল শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি কুলিবাগান মোড়ে আসেন। তারা জলিল মুন্সিকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়েন। এতে তার বুক ও পিঠে গুলি লাগে। পরে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল পুলিশের একটি দল তাদের ধাওয়া করে। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
গুলিবিদ্ধ জলিলকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি জলিল মুন্সিকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পুলিশ তাদের ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, জলিল নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তার কাছে কেউ চাঁদা দাবি করেছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মাদকসংক্রান্ত কোনো লেনদেনের বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।








