বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন নিষেধাজ্ঞা কার্যকরে সহযোগিতা না করতে বিশ্বের সব দেশকে সতর্ক করেছে ইরান। তেহরান বলেছে, কোনো দেশ মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তা করলে তাদেরও যুক্তরাষ্ট্রের মতোই দায়ী করা হবে।
শুক্রবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কবার্তা দেয়।
ইরানি মন্ত্রণালয় জানায়, কোনো দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করলে তারা একটি দেশের ‘অবৈধ ইচ্ছা’ অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার দায়ে অভিযুক্ত হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে বেআইনি ও নিন্দনীয় বলে উল্লেখ করেছে। তেহরানের দাবি, এ ধরনের পদক্ষেপ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শামিল এবং মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে। নিষেধাজ্ঞার কারণে ইরানের লাখো মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে বলেও সতর্ক করেছে দেশটি।
আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়ে ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ থেকে নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব সক্ষমতা ব্যবহার করবে তারা।
এর আগে গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে গেলে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: রয়টার্স
এমকে/বিএম২৪









