দিল্লির বিক্ষোভস্থলে কাউকে ঢুকতে দিচ্ছে না পুলিশ, আটক প্রায় হাজার
সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের প্রস্তুতি নিয়েছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতাকর্মী ও সমর্থকেরা। তবে বিক্ষোভকারীদের ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার ও দিল্লি পুলিশ। বিক্ষোভস্থলে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
বিবিসির সাংবাদিক গীতা পান্ডে যন্তর মন্তর থেকে জানিয়েছেন, সেখানে পুলিশ সদস্যরা সারিবদ্ধভাবে অবস্থান করছেন। মাথার ওপর উড়ছে ড্রোন এবং বিভিন্ন স্থানে বসানো হয়েছে ভারী লোহার ব্যারিকেড। পুরো এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা কার্যকর রয়েছে।
গীতা পান্ডে আরও জানান, সংবাদ সংগ্রহ করতে যাওয়া কয়েকজন সাংবাদিককেও আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে নিউজলন্ড্রি ও স্ক্রলের সাংবাদিক রয়েছেন বলে তিনি জানিয়েছেন।
এদিকে সাধারণ বিক্ষোভকারীদের আটক অভিযানও অব্যাহত রয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত প্রায় এক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলটির শীর্ষ নেতারাও রয়েছেন।
এ ছাড়া জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও তাঁর বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনে যোগ দিতে তিনি জার্মানি থেকে ভারতে এসেছিলেন।
ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কয়েক কোটি ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে সিজেপি। এ দাবিতে শনিবার যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল দলটি।
এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে যন্তর মন্তরে দীর্ঘ আন্দোলন করেছিল সিজেপি। ওই আন্দোলনের জেরে তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগে বাধ্য করার দাবি করে দলটি। এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাইছে তারা।
সূত্র: বিবিসি
এমকে/বিএম২৪









