স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টার অভিযোগ, শেখ পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম
স্ত্রীসহ বিদেশে পালানোর চেষ্টার অভিযোগ, শেখ পরশের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সূত্রঃ সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক


মানিলন্ডারিং ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।


আদালতে দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক এ কে এম মাহবুবর রহমান পরশ ও তার স্ত্রীর বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।


আবেদনে বলা হয়, শেখ পরশ, তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।


দুদক আরও জানায়, অনুসন্ধানের সময় গোপন সূত্রে তাদের বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টার তথ্য পাওয়া গেছে। তারা দেশ ছাড়তে সক্ষম হলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রোধ করা প্রয়োজন।



এমকে/বিএম২৪